প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নতুন ইউনিয়ন হলে সেবার পথ হবে সহজ, কমবে নাগরিক ভোগান্তি বললেন ইঞ্জি. মমিনুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ গঠনের সরকারি প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রস্তাবিত ইউনিয়নের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে র‍্যালিতে অংশগ্রহণকারীরা আনন্দ প্রকাশ করেন। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বক্তব্যে মমিনুল হক বলেন, নতুন ইউনিয়ন বাস্তবায়িত হলে প্রশাসনিক ও নাগরিক সেবা আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। দীর্ঘদিন ধরে নাগরিক সেবা নিতে স্থানীয়দের যে ভোগান্তি পোহাতে হচ্ছে, নতুন ইউনিয়ন গঠনের মাধ্যমে তা অনেকটাই কমে আসবে। পাশাপাশি এলাকার উন্নয়ন কার্যক্রমও আরও গতিশীল হবে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে তারেক জিয়া সরকার কাজ করে যাচ্ছে।

এর আগে ১২ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ বিভক্ত করে ‘১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এতে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যায়।

প্রস্তাবিত অলিপুর ইউনিয়নের আওতায় রয়েছে অলিপুর উত্তর, অলিপুর দক্ষিণ, বেতিয়াপাড়া, উচ্চঙ্গা, সাতবাড়িয়া ও সিদলা—এই ছয়টি গ্রাম। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এসব এলাকায় প্রায় ১৩ হাজার মানুষের বসবাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আব্দুল হক তালুকদার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির এবং সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী।
সভায় সভাপতিত্ব করেন ৫নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫নং সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিলন হোসেন নিরব।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন