প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে পাতানিশ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দুই বসতঘর, আগুনে পুড়ে মারা গেল দুই গরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দুটি বসতঘর। আগুনে পুড়ে মারা গেছে ঘরের পাশে বাঁধা থাকা দুটি গরু। মুহূর্তের আগুনে সর্বস্ব হারিয়ে এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (১৯ আগস্ট) রাতে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রাতে হুমায়ন পাটোয়ারীর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড়, মূল্যবান সামগ্রী ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে যায়।

এ সময় ঘরের পাশে বাঁধা থাকা দুটি গরুকেও রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে করুণ মৃত্যু হয় অবলা প্রাণী দুটির।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও বাড়ির পাশে খাল থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে স্থানীয়রা বালতি ও বিভিন্ন উপায়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত বসতঘর দুটি রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ও প্রয়োজনীয় সবকিছু হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোক ও আহাজারি।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ খাঁন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা চেয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করার কথা জানান।

স্থানীয়রা সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন