প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিক ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় এক গণমাধ্যমকর্মী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গণমাধ্যমকর্মী মো. মজিবুর রহমান।

জিডি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার কাজী বাড়ির সামনে মসজিদসংলগ্ন একটি দোকানের সামনে মজিবুর রহমানের ভাতিজিকে কলেজে যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে ১২ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে মজিবুর রহমানের বাড়ির সামনে গিয়ে তার মা ও ভাবীকে অকথ্য ভাষায় গালমন্দ এবং তাকে ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে মজিবুর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন তিনি। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মজিবুর রহমান।

জিডিতে আরও উল্লেখ করা হয়, মামলা-মোকদ্দমা বা অভিযোগ করা হলে পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

এ ঘটনায় ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন মজিবুর রহমান।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগ রয়েছে , অভিযুক্ত ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন এবং তার কর্মকাণ্ডের কারণে ওই এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

পুলিশ জানিয়েছে, জিডির অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন