ফরিদগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে এলপিজি বা রান্নার গ্যাস যানবাহনে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর এলাকায় ‘জেকে এলপিজি ফিলিং স্টেশন’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিএনজি স্টেশনে নিয়মবহির্ভূতভাবে ঝুঁকিপূর্ণ উপায়ে যানবাহনে রান্নার গ্যাস রিফিল করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা ও ভয়ংকর এই প্রতারণার প্রমাণ মেলে। অপরাধ স্বীকার করায় স্টেশনের মালিক তোফাজ্জল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেই জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান চলাকালে ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড জনস্বার্থে বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।