প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে অতিথি নিয়ে সমালোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচি দায়সারা আয়োজনের মধ্য দিয়ে পালনের অভিযোগ উঠেছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই উপস্থিত না থাকায় উপস্থিত ব্যক্তিদের দিয়েই অতিথির সারি পূরণ করা হয়। এর মধ্যে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতিকে অতিথির সারিতে রাখায় স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানে মৎস্য চাষিদের উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম। বিপরীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। পরে তিনি জেলা শহরে চলে যান।

দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত উল্লেখযোগ্য অতিথিদের অনেকেই উপস্থিত ছিলেন না। এ অবস্থায় মঞ্চের অতিথির সারিতে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাজী হুমায়ূনকে দেখা যায়। বিষয়টি নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা ও সমালোচনা দেখা দেয়।

এদিকে মৎস্য চাষিদের জন্য আয়োজিত এ কর্মসূচিতে চাষিদের উপস্থিতি ছিল হাতে গোনা কয়েকজন। অন্যদিকে দর্শকসারিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি। ফলে মৎস্য চাষি ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণের পরিবর্তে শিক্ষার্থীদের উপস্থিতির ওপরই অনুষ্ঠানটি অনেকটা নির্ভরশীল ছিল বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতিকে আমি চিনি না। একজন পৌর বিএনপি নেতার অনুরোধে তাকে মঞ্চে উঠানো হয়েছে। আমন্ত্রিত অতিথিরা উপস্থিত না থাকায় উপস্থিত লোকজনের মধ্য থেকে অতিথির সারি সাজানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

স্থানীয়দের মতে, জাতীয় মৎস্য পক্ষের মতো একটি সরকারি কর্মসূচিতে মৎস্য চাষি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও পরিকল্পিত, অংশগ্রহণমূলক ও কার্যকরভাবে আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন