চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৫ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
অভিযানকালে সড়কে চলাচলকারী কয়েকটি বালুবাহী ট্রাককে আইন অমান্যের দায়ে জরিমানা করা হয়। পাশাপাশি কয়েকটি যানবাহনের চালককে সতর্কতার সঙ্গে ও নিরাপদভাবে যানবাহন চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়কে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।