“মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পুলিশ, চাঁদপুরের আয়োজনে চাঁদপুর পৌর অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং জেলা পরিষদ, চাঁদপুরের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার, বিক্রয় ও বিস্তারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।