প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত তিন, আহত অন্তত ১৫

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রামট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ড্রামট্রাকের মালিক এবং অপর দুজন যাত্রীবাহী আল আরাফা বাসের চালক ও সুপারভাইজার বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আব্দুল ওহাব (৪৫), ড্রামট্রাকের মালিক, বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ এলাকায়; কামাল (প্রায় ৪০), আল আরাফা বাসের চালক, বাড়ি গাইবান্ধা; এবং শোভন (প্রায় ৩৫), আল আরাফা বাসের সুপারভাইজার, বাড়ি বাগেরহাট বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কে একটি গাড়িকে ওভারটেক করার সময় আল আরাফা বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। সংঘর্ষে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন