প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট থেকে গোল্ডেন A+ পেয়েছেন ফারহান ওয়াসি

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে গোল্ডেন A+ অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী ফারহান ওয়াসি। তিনি মোট ১১৮৫ নম্বর পেয়ে এ অসাধারণ সাফল্য অর্জন করেন।

ফারহান ওয়াসি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার পিতা আবু নাসের শিবলী এবং মাতা জেসমিন আক্তার। ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে ফারহান ওয়াসি বলেন, “এই ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার বাবা-মা,বড় ভাই, শিক্ষক এবং পরিবারের সদস্যরা আমাকে সবসময় পড়াশোনায় উৎসাহ ও সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমার এই স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

ফারহানের এই সাফল্যের পেছনে রয়েছে তার নিয়মিত পড়াশোনা,অধ্যবসায় ও পরিবারের অনুপ্রেরণা। বিশেষ করে বড় ভাইয়ের সাফল্য তাকে পড়াশোনায় আরও উৎসাহিত করেছে।

ফারহানের বড় ভাই শাহরিয়ার আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডিতে অধ্যয়নরত। অন্যদিকে তার ছোট ভাই ফাইয়াজ ওয়াসি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে। একই পরিবারের তিন সন্তানের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এমন সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

ফারহানের বাবা আবু নাসের শিবলী বলেন, “ছেলের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ফারহান ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী। তার এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং পরিবারের সবার উৎসাহ রয়েছে। আমরা চাই, সে শুধু ভালো ফলাফল নয়, একজন সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “ফারহানের বড় ভাইও ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছে। ছোট ছেলেও কোরআন হিফজ করেছে। সন্তানদের সাফল্যে একজন বাবা হিসেবে আমরা গর্বিত। ফারহানের জন্য সবার কাছে দোয়া চাই, যেন তার স্বপ্ন পূরণ হয় এবং সে দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে।”

ফারহানের গোল্ডেন A+ অর্জনে তার বাবা-মা, শিক্ষক,স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা ফারহানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

ফারহান ওয়াসি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন