চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার রায়ের বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়া বরগুনা সদর থানার সাহেবের হাওলা এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রায়ের বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার রাসেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সরবরাহের সঙ্গে জড়িত। বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহের জন্য ওই চালান নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মাদক সরবরাহের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় হাইমচরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদকের চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
হাইমচর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।