“সুস্বাস্থ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে আমাদের অঙ্গীকার”—এই আদর্শিক স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ২৬৪, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুস্বাস্থ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
সভা শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসাসেবার বিষয়ে কথা বলেন। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
রোগীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিবেশ ও রোগীদের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মো. আব্দুল মান্নান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।