প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআই মতলবের রুবেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশের এক কর্মকর্তা এএসআই মো. রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয় ওয়াশরুম থেকে।

মৃত রুবেল হোসেন উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। চাঁদপুরের মতলব উপজেলার চেঙ্গারচর পৌরসভার রুহিতারপাড় গ্রামের সন্তান রুবেল হোসেন।

শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।

তিনি জানান, শুক্রবার (৭ আগস্ট) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই রুবেল হোসেনকে বিকালের রোলকলে অনুপস্থিত পাওয়া যায়। পরে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরবর্তীতে, ৮ আগস্ট ভোর আনুমানিক ৫টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত বাবুর্চি শরীফ ওয়াশরুমের দরজা বন্ধ দেখতে পান। তিনি দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দরজা ভেতর থেকে লক থাকায় বাবুর্চি শরীফ ওয়াশরুমের জানালা দিয়ে দেখেন ভেতরে একজন ব্যক্তি পড়ে আছেন।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে এপিবিএন পুলিশের কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের উপস্থিতিতে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের ওয়াশরুমের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ওয়াশরুমের ভেতরে মারা যেতে পারে। মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসক ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে অধিনায়ক জানায়।

রুবেল হোসেনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন