প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

খাদ্যে ভেজাল, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬

চাঁদপুর শহরের পাল বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

 

জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ, মূল্যতালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার দায়ে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘোষের দোকানকে ৫ হাজার টাকা, মেসার্স সাঈদ স্টোরকে ৩ হাজার টাকা এবং রাজি শপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ঘোষের দোকানে মূল্য তালিকা না থাকা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স সাঈদ স্টোরে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৩ হাজার টাকা এবং রাজি শপে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানার আদেশ দেন।

জরিমানার অর্থ তিন প্রতিষ্ঠানই তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা।

অভিযানের সময় বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে বিতরণ করা হয় জনসচেতনতামূলক লিফলেট। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন