প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

দুর্নীতির অভিযোগে মতলবের প্রকৌশলী কাজী বোরহান উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মতলব দক্ষিণ প্রতিনিধি
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬

দূর্নীতির অভিযোগে তদন্তাধীন দেশের বিভিন্ন সিটি করপোরেশনের চার কর্মকর্তার বিদেশযাত্রা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিটি ২৬ জুলাই জারি করেন যুগ্মসচিব মো. রবিউল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, ডিএসসিসির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে বদলিকৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন যার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভা এলাকার উদ্দমদী গ্রামে।

এছাড়াও রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরী (বর্তমানে ময়মনসিংহ সিটি করপোরেশনে বদলির আদেশাধীন) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (বর্তমানে রংপুর সিটি করপোরেশনে বদলির আদেশাধীন)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রণালয় জানায়, গোপন সূত্রে জানা গেছে, তদন্তাধীন এসব কর্মকর্তা গোপনে দেশত্যাগ করতে পারেন। এ কারণে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা বন্ধের আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই চার কর্মকর্তা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

চিঠিতে এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন