জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জের মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “শুধু জুলাই বা আগস্ট নয়, বিগত ১৭ বছরের সকল শহীদদের মূল্যায়ন করতে হবে।”
তিনি বলেন, ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
হারুনুর রশিদ বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা দমন-পীড়ন, গুম, খুন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, ২০১৩ সালের ২৫ অক্টোবর গণতন্ত্র রক্ষার আন্দোলনে ফরিদগঞ্জের তিন যুবদল কর্মী নির্মমভাবে নিহত হন। এছাড়া বিএনপির হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর ঘরের বাইরে কাটিয়েছেন, অসংখ্য মামলা মোকাবিলা করতে গিয়ে তাদের কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনার ধারাবাহিকতায় ২০২৪ সালের আন্দোলনে দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এখন সামনে এগিয়ে যাওয়ার সময় বলে তিনি মন্তব্য করেন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, পৌর বিএনপির এ এম টুটুল পাটওয়ারী, বিএনপি নেতা বিল্লাল খান, বাছির আহম্মেদ, হুমায়ুন কবির কাজী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, সেলিম রাঢ়ী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম স্বপন, পৌর যুবদলের শাওন পাঠান, রুবেল গাজী (ভাগিনা রুবেল), ছাত্রদল নেতা মহিন উদ্দিন, রাশেদ বেপারী, মনির হোসেন, মহিলা নেত্রী আলেয়া বেগম, মাহমুদা পারুল ও শারমিন করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ফরিদগঞ্জের তিন যুবদল কর্মীসহ গত ১৭ বছরে এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সারাদেশে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।