প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে চাঁদপুরে ছাত্রশিবিরের ‘বিজয়ের দৌড়’ অনুষ্ঠিত

আফতাবুল ইসলাম মেহরাব, হাইমচর
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘বিজয়ের দৌড়’ নামে একটি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, প্রায় ৫০০ প্রতিযোগী এতে অংশ নেন। প্রতিযোগিতার দূরত্ব ছিল ৩ দশমিক ৬ কিলোমিটার।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে দৌড় শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে কলেজের রসায়ন বিভাগের হলরুমে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

বক্তব্যে তিনি ৪ আগস্টের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, সারা দেশে দেখা দেওয়া ঘটনাগুলো পরিকল্পিত ছিল বলে তাদের দল মনে করে। তার দাবি, এসব ঘটনার উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলা। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন স্লোগান উচ্চারিত হয়েছিল এবং আন্দোলনের মাধ্যমে ‘ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে’ বলে তিনি মন্তব্য করেন।

সরকারের নিয়োগনীতি নিয়েও সমালোচনা করেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, বর্তমান সরকার মেধার পরিবর্তে নিজেদের কোটায় লোকজনকে পদায়ন করছে বলে তাদের অভিযোগ। একই সঙ্গে তিনি মেধার মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

চাঁদপুর সরকারি কলেজ শিবির সভাপতি আজমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন শহর শিবিরের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে দৌড় প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন