প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সদস্যদের ৪ কোটি টাকা ফেরত দিতে চান যুবধারার চেয়ারম্যান জুলহাস মিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬

চাঁদপুরে বন্ধ হয়ে যাওয়া সমবায় সমিতি পূনরায় চালু করতে চান, যুবধারার চেয়ারম্যান মো. জুলহাস মিয়া। সমিতির সদস্যদের প্রায় ৪ কোটি টাকা ফেরৎ দিতে এবং সমিতির বিনিয়োগের টাকা উত্তোলনের সুযোগ চেয়ে বুধবার (৫ আগস্ট) হাজীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে লিখিত বক্তব্যে মো. জুলহাস মিয়া বলেন, ২০২৩ সালে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী সদস্যদের সঞ্চয় ও সমিতির বিনিয়োগের কিস্তির টাকা আত্মসাতের কারণে সদস্যদের মাঝে আস্থাহীনতা দেখা দেয়। এতে করে সঞ্চয়ের উত্তোলন বেড়ে যায়।

তিনি বলেন, এর মধ্য গত ৫ আগস্টে (২০২৪) সরকার পরিবর্তনের ফলে কিছু স্বার্থান্বেষী মহল আমার প্রতিষ্ঠানগুলো ভাংচুর করে কম্পিউটার’সহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় এবং প্রয়োজনীয় নথিপত্র নষ্ট করে। এছাড়া বিনিয়োগের গ্রাহকরা কিস্তি টাকা দেওয়া বন্ধ করে দেয়। বাধ্য হয়ে আমি অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে দেই।

জুলহাস মিয়া বলেন, তারপরও আমি আমার ব্যক্তিগত সম্পদ বিক্রি করে গ্রাহকদের সঞ্চয়ের প্রায় তিন কোটি টাকা পরিশোধ করি। বর্তমানে গ্রাহকের সঞ্চয় বাবদ সমিতি প্রায় ৪ কোটি টাকার ঋণ আছে। এর বিপরীতে আমাদের প্রায় ১৮ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। কিন্তু সমিতি কার্যক্রম পরিচালনা করতে না পারায় বিনিয়োগের টাকাগুলো উঠাতে পারছিনা।

তিনি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি আপনাদের সঞ্চয়ের টাকা ফেরৎ দিতে চাই। এজন্য অফিসিয়াল কার্যক্রম চালু করতে হবে। তাই, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা বিনিয়োগের টাকা উত্তোলন করতে পারলে আপনাদের সঞ্চয়ের টাকা ধারাবাহিকভাবে পরিশোধ করে দিতে পারবো। কারণ, আপনাদের সঞ্চয়ের চেয়ে আমার বিনিয়োগ টাকা চারগুন বেশি রয়েছে।

যুবধারা কর্তৃক আয়োজিত ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রেসক্লাব নেতৃবৃন্দ’সহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন