মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে এই শুভেচ্ছা উপহার প্রদান।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃপ্রতিম এবং আন্তরিক দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মালদ্বীপ প্রজাতন্ত্রের সরকারকে বাংলাদেশের প্রিমিয়াম মানের মৌসুমি আম উপহার প্রদান করেছে। মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবং এ অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সরকারি মালদ্বীপ সফরকে সম্মান জানিয়ে এই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের উৎকৃষ্ট মানের তাজা মৌসুমি আম মালদ্বীপ সরকারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সরকারের পক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান প্রটোকল কর্মকর্তা (ডেপুটি চিফ অব প্রটোকল) বাদুরা সাঈদের নিকট উপহারস্বরূপ আমসমূহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
বাংলাদেশের সুস্বাদু ও বিশ্বখ্যাত মৌসুমি আম উপহার প্রদান দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্কের এক উজ্জ্বল প্রতীক। একই সঙ্গে এটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ক্রমবর্ধমান সহযোগিতা, শুভেচ্ছা, পারস্পরিক আস্থা এবং সাংস্কৃতিক সম্প্রীতিরও বহিঃপ্রকাশ।
এই শুভেচ্ছা উপহার মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সরকারের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। পাশাপাশি এটি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তোলার একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক উদ্যোগ।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বর্তমানে কূটনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শ্রম ও জনশক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, পর্যটন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ ও বহুমাত্রিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে বলে উভয় দেশ দৃঢ়ভাবে প্রত্যাশা করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মালদ্বীপের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি, কল্যাণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।