আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে নির্বাচনী গণসংযোগ জোরদার করেছেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও দলীয় সমর্থনপ্রত্যাশী মেয়রপ্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা-বিলওয়াই এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন।
বৈঠকগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন হাসান মিয়াজী। এলাকাবাসী পৌরসভার নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এ সময় মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, “আমি আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী। বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে দলীয় সমর্থন প্রত্যাশা করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে নির্বাচন করব। আর যদি অন্য কাউকে দলীয় সমর্থন দেওয়া হয়, তাহলে দলের সিদ্ধান্ত মেনে তার পক্ষেই কাজ করব।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং পৌরসভার ১২টি ওয়ার্ডে সমবণ্টনের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, নির্ধারিত ময়লা ফেলার স্থান স্থাপন, শিক্ষা-সুবিধাবঞ্চিত এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং হতদরিদ্র মানুষের বাসস্থান, চিকিৎসা ও শিক্ষায় সহায়তা প্রদান তাঁর অগ্রাধিকারমূলক কর্মসূচি।
এ ছাড়া মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, হকারদের পুনর্বাসনে পৌরসভা, বাজার কমিটি ও ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং পৌর এলাকার সৌন্দর্যবর্ধনে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদ হাসান মিয়াজীর ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।