প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত, আহত ২

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মক্কার পথে যাত্রাকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সৌদি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিনা, তার স্বামী ও তিন সন্তান ব্যক্তিগত গাড়িতে করে রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর রিয়াদ-মক্কা মহাসড়কে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে ফরিদপুরের সালথাসহ স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন