কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে তিনি আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, স্বজন ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম মোহাম্মদ সাইফুল মালিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের গাজী বাড়ির বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কালাম মজুমদারের ছেলে।
জানা গেছে, কয়েকদিন আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
মোহাম্মদ সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পরবর্তীতে ২০১৬ সালে ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে সম্মানিত ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।