চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে জমির মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযান চলাকালে জমির মালিক প্রশাসনের অনুমতি ছাড়া মাটি বিক্রি ও উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। সরকারি বিধি-নিষেধ অমান্য করায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করে মালিকপক্ষকে আগামী চার ঘণ্টার মধ্যে ড্রেজারটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ভবিষ্যতে একই অভিযোগ পাওয়া গেলে ড্রেজারটি জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুল করিম ভূঁইয়া, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন এবং পুলিশের একটি দল।