চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে ৩টি মাদক মামলার ৫ জনসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার মোট ১৩ জন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস, এএসআই (নিঃ) শহীদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার মীর বাড়ি মসজিদ সংলগ্ন আয়নাতলী-বসুপাড়া সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পাথৈর (বেপারী বাড়ি) গ্রামের বাসিন্দা মো. মহিন উদ্দিন (৫৫)-কে তার নিজ হেফাজতে থাকা ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (এফআইআর নং-৩৩, জিআর নং-২২৬, তারিখ: ১৯ জুলাই ২০২৬) রুজু করা হয়েছে।
এদিকে, একই দিনে শাহরাস্তি মডেল থানা পুলিশ ৩টি মাদক মামলার ৫ জন আসামিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার মোট ১৩ জন আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।