চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের প্রাক্তন সংসদ সদস্য মরহুম এমএ মতিন স্যারের কবর জিয়ারত করেছেন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় গ্রামের মুন্সী বাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি মরহুম এমএ মতিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মোহাম্মদ হাসান মিয়াজী আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় সমর্থন প্রত্যাশী। বর্তমানে তিনি হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। বিভিন্ন মামলার আসামি হয়ে কারাবরণও করতে হয়েছে। এসব বাধা অতিক্রম করে তিনি এখন পৌরবাসীর সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এদিন কবর জিয়ারতের পাশাপাশি তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় ও বদরপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, তাদের খোঁজ-খবর নেওয়া এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবাসংক্রান্ত মতামত শোনেন। তাঁর এ গণসংযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, “আমি আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী এবং বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করছি। দল যদি আমাকে মনোনয়ন ও সমর্থন দেয়, তাহলে নির্বাচন করব। আর দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলে দলের সিদ্ধান্ত মেনে তার পক্ষেই কাজ করব।”
তিনি আরও বলেন, “জনগণের সমর্থন ও ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে হাজীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করব। গণসংযোগকালে পৌরবাসীর কাছ থেকে যে সমস্যাগুলোর কথা শুনেছি এবং নিজে যে বিষয়গুলো উপলব্ধি করেছি, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”