প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জলাবদ্ধতা দূর ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশ্বাস : গণসংযোগে মেয়র প্রার্থী জাকির মজুমদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬

হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

শুক্রবার বিকালে গণসংযোগকালে তিনি এলাকার জনসাধারণের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন। এসময় এলাকাবাসী ওয়ার্ডের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

মেয়র প্রার্থী জাকির হোসেন মজুমদার ওয়ার্ডবাসীর নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন। বিশেষ করে জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশনের দুরাব্যবস্থা, মশার প্রাদুর্ভাব ও বর্জ্যব্যবস্থাপনার সমস্যার কথা বাসিন্দারা তুলে ধরেন।
এসময় জাকির মজুমদার বলেন, হাজীগঞ্জ একটি প্রথম শ্রেণির পৌরসভা। এতদিনেও জলাবদ্ধতা সৃষ্টির কারণ চিহ্নিত না করে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না উঠা হতাশাজনক।

এই মেয়র প্রার্থী জনসাধারণকে আশ্বাস দিয়ে বলেন,আপনাদের সমর্থন পেলে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার প্রত্যেকটি এলাকার জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে ড্রেনেজ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে। মশা নিধনে এর উৎসস্থল ধ্বংস করা হবে।

তিনি আরও বলেন,ওয়ার্ড কেন্দ্রিক বর্জ্যব্যবস্থাপনায় বিশেষ পরিচ্ছন্নতা টিম গঠন করা হবে। বর্জ্যব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। বিশুদ্ধ পরিবেশ ও স্বাস্থ্য সম্মত শহর গড়তে মহল্লাকেন্দ্রিক ‘সচেতন নাগরিক সমাজের’ সমন্বয়ে পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হবে।

গণসংযোগকালে মেয়র প্রার্থী জাকির মজুমদারের সঙ্গে এলাকার গণমান্য লোকেরা অংশগ্রহণ করেন। এছাড়া জামায়াতে ইসলামির স্থানীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন