প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ইসকনের রথযাত্রায় হাজারো ভক্তের অংশগ্রহণ, উদ্বোধন করেন রোটা. রুহিদাস বণিক

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর আয়োজনে ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ নেচে-গেয়ে ও হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা উচ্চাঙ্গার ইসকনের শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রার শুভ সূচনা হয়। রথটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে পৌরসভার অভয়নগর এলাকায় গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ভক্তদের ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও আনন্দ-উল্লাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, চাঁদপুর জেলার চারবারের শ্রেষ্ঠ করদাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রোটা. রুহিদাস বণিক।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “রথযাত্রা আমাদের দেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব ভক্তি, মানবতা, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্মানবোধ আমাদের সমাজকে আরও শক্তিশালী করে। রথযাত্রার এই পবিত্র আয়োজন সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক। আসুন, আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখি।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, পৌর শাখার সভাপতি রাধাকান্ত দাস রাজু এবং সাধারণ সম্পাদক শ্যামল সাহা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত অধ্যক্ষ সুখময় কানাই দাসাধিকারী।

ইসকনের আয়োজিত এই রথযাত্রায় হাজীগঞ্জসহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শত বছরেরও বেশি সময় ধরে এ অঞ্চলে রথযাত্রার ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রয়েছে।

রথযাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে পুলিশের বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন।

রথযাত্রা হাজীগঞ্জ বাজারে পৌঁছালে শুভেচ্ছা ও স্বাগত জানান চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, শিক্ষাবিদ এবং হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমন তপদার।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন