প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নিজ গ্রামে অবমূল্যায়ন: অদৃশ্য এক সামাজিক ব্যাধি

মো. নাঈম হোসেন পলোয়ান
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬

সমাজে শিক্ষা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে একজন মানুষ যখন নিজের অবস্থান তৈরি করেন, তখন বাইরের মানুষ তাকে সম্মান ও মূল্যায়ন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রেই সেই মানুষটি নিজ গ্রামের মানুষের কাছেই অবহেলিত ও উপেক্ষিত হয়ে পড়েন।

এর অন্যতম কারণ হলো ঈর্ষা, সংকীর্ণ মানসিকতা এবং অহংবোধ। অনেকেই মনে করেন, গ্রামের কোনো দরিদ্র পরিবারের সন্তান কীভাবে এত দূর এগিয়ে গেল! ফলে তাকে সহযোগিতা করার পরিবর্তে নানা অজুহাতে দূরে সরিয়ে রাখা হয়। কারণ তারা জানে, এমন একজন ব্যক্তি পাশে থাকলে অনিয়ম, খামখেয়ালিপনা কিংবা স্বার্থপরতার সুযোগ কমে যাবে।

অথচ একজন শিক্ষিত, প্রতিষ্ঠিত ও সৎ মানুষ চাইলে তার একটি উদ্যোগ, একটি সুপারিশ বা একটি যোগাযোগের মাধ্যমে গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিংবা অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কিন্তু ব্যক্তিগত অহংকার ও ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় সেই সম্ভাবনাই নষ্ট হয়ে যায়।

ক্রমাগত অবমূল্যায়ন ও মানসিক আঘাত একজন মানুষকে ধীরে ধীরে নিজের গ্রাম থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন করে দেয়। একসময় তিনি ভাবেন, “আমি তো ভালোই আছি, তাহলে নিজের গ্রাম নিয়ে এত ভাবি কেন?” এরপর তিনি নিজের কর্মক্ষেত্র ও বৃহত্তর সমাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। অন্য এলাকার মানুষের জন্য কাজ করেন, অনেককে সুযোগ করে দেন, কিন্তু নিজের গ্রামের জন্য আগের মতো আর আগ্রহ অনুভব করেন না। কারণ অতীতের অবহেলা ও কষ্ট তাকে বারবার স্মরণ করিয়ে দেয়—যেখানে সম্মান নেই, সেখানে অবদান রাখার আগ্রহও ধীরে ধীরে হারিয়ে যায়।

একটি গ্রামের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন ব্যক্তি নয়, যোগ্যতাকে মূল্য দেওয়া হবে। যে মানুষটি গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে, তাকে প্রতিপক্ষ নয়, সম্পদ হিসেবে দেখতে হবে। সংকীর্ণতা, হিংসা ও অহংকার কখনো উন্নয়নের পথ দেখাতে পারে না; বরং সম্ভাবনাময় মানুষদের দূরে ঠেলে দেয়।
সময়ের দাবি হলো—নিজেদের মানসিকতার পরিবর্তন। যে সন্তান নিজের মেধা ও পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়েছে, তাকে সম্মান দেওয়া, পাশে রাখা এবং গ্রামের উন্নয়নে সম্পৃক্ত করাই হবে একটি সচেতন ও উন্নত সমাজের পরিচয়।

লেখক
মোঃ নাঈম হোসেন পলোয়ান

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন