আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্মার্ট,পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু।
শুক্রবার (১৭ জুলাই) হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় গণসংযোগ শেষে তিনি টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
জুমার নামাজের আগে টোরাগড় এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা,নাগরিক সেবা,অবকাঠামো উন্নয়ন ও পৌরসভার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাদের মতামত শোনেন।
পরে টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদের মোতাওয়াল্লি,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খুতবা শ্রবণ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে জামাতে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে স্থানীয়দের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি জনগণের সঙ্গে উন্নয়ন,পরিচ্ছন্নতা, আধুনিক নাগরিক সেবা এবং একটি কার্যকর পৌর প্রশাসন গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “আমি এমন একটি হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে নাগরিকরা সহজে সব ধরনের সেবা পাবেন। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ,আধুনিক অবকাঠামো এবং জবাবদিহিমূলক পৌর প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে হাজীগঞ্জকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “পৌরবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক,শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ আরও জোরদার করার পাশাপাশি অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান বলেন, “অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। মানুষের পাশে থেকে কাজ করার কারণেই পৌরবাসীর একটি বড় অংশ তাকে সম্ভাবনাময় মেয়র প্রার্থী হিসেবে দেখছেন।”