প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে রোকসানা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাক্তন স্বামী আবুল কালামকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে কচুয়া থানা-পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় মনির চেয়ারম্যানের বাড়ির সামনের পাকা সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোকসানা আক্তার ও আবুল কালামের মধ্যে দীর্ঘদিন আগে বিয়ে হয়েছিল। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ (তালাক) ঘটে এবং রোকসানা অন্যত্র আবার বিয়ে করেন। কিন্তু বিবাহবিচ্ছেদের পর থেকেই আবুল কালামের মনে ক্ষোভের সৃষ্টি হয়।
এরই জেরে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কান্দিরপাড় এলাকার পাকা সড়কে রোকসানাকে একা পেয়ে আবুল কালাম ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও খুঁচিয়ে গুরুতর জখম করেন।
রোকসানার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাচার রেনেসা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোকসানা আক্তার মারা যান।
ঘটনার পরপরই কচুয়া থানা-পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করে এবং অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে আটক করি। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, বর্তমানে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন