প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মহোৎসব

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ার উদ্যোগে একটি বর্ণাঢ্য রথযাত্রা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

এতে নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক ও প্রবীণসহ বিভিন্ন বয়সের সহস্রাধিক ভক্ত অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি আখড়া প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আখড়া প্রাঙ্গণে ধর্মীয় সংগীত, গীতাপাঠ, বিশেষ প্রার্থনা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দেশ, জাতি ও মানবজাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ার আহ্বায়ক ডা. মানিক লাল মজুমদারের সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সঞ্জয় কর্মকার, নরেশ চন্দ্র রায় ও তাপস চন্দ্র সাহা।

আখড়া সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও পূণ্যলাভের আশায় হাজীগঞ্জসহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী এ রথযাত্রায় অংশ নেন। শতবর্ষেরও বেশি সময় ধরে এ উৎসবের ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রয়েছে।

আখড়ার আহ্বায়ক ডা. মানিক লাল মজুমদার বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছরের রথযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় প্রশাসন, থানা পুলিশ, সাংবাদিক, সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

রথযাত্রা অনুষ্ঠানে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়া কমিটির নেতৃবৃন্দ,বিভিন্ন হিন্দু ধর্মীয়,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন