প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ওমরা শেষে নতুন জীবনের পথে: স্বামী-সন্তানের খেদমতে নিজেকে উৎসর্গ করতে পার্লার ব্যবসা ছাড়লেন হাজীগঞ্জের উদ্যোক্তা তাহমিনা আক্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬

চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারের পরিচিত নারী উদ্যোক্তা ও পার্লার ব্যবসায়ী তাহমিনা আক্তার পবিত্র ওমরা পালন শেষে দীর্ঘদিনের পার্লার ব্যবসা থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি জানান, জীবনের বাকি সময় স্বামী-সন্তানের সেবাযত্ন ও পারিবারিক দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত রাখতে চান।

তাহমিনা আক্তার একসময় চাঁদপুর জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সৌন্দর্যসেবা খাতে আত্মপ্রকাশ করে ‘রূপসী তমা পার্লার’ প্রতিষ্ঠা করেন।

হাজীগঞ্জ থানার সামনে একটি ভবনের দ্বিতীয় তলা, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পূর্ব পাশের গলি এবং হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার পেছনসহ বিভিন্ন স্থানে তিনি সফলতার সঙ্গে পার্লার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
তবে কিছুদিন আগে তিনি একটি জটিল রোগে আক্রান্ত হন। চিকিৎসা ও অস্ত্রোপচারের পর তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে ব্যবসা ছেড়ে পবিত্র ওমরা পালন করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তাহমিনা আক্তার বলেন, “পবিত্র ওমরা পালনের আগেই আমি পার্লারের ব্যবসা ছেড়ে দিয়েছি। বর্তমানে স্বামী-সন্তানের খেদমতে নিয়োজিত আছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাকে জীবনের বাকি সময় স্বামী ও পরিবারের সেবায় কাটানোর তাওফিক দান করেন। এজন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে পার্লার ব্যবসার মাধ্যমে হাজীগঞ্জে পরিচিত মুখ ছিলেন তাহমিনা আক্তার। ব্যবসা থেকে সরে এসে ধর্মীয় অনুশাসন ও পারিবারিক জীবনে নিজেকে সম্পৃক্ত করার তার এ সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন এবং তার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন