প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মাদক কারবারিকে পালাতে সহায়তা, সোর্স গেলেন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬

অভিযানের তথ্য দিয়ে মাদক কারবারিকে পালাতে সহায়তা করায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরেরই সোর্স শাওন কাজীকে (২৫) দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে চাঁদপুর শহরে তারা ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ শাস্তি দেওয়া হয়।

 

গ্রেপ্তার সোর্স শাওন কাজীর বাড়ি শরীয়তপুরের চন্দ্রপুর ইউনিয়নের রণখোলা শিবপুর গ্রামে। তিনি চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের ভূঁইয়া বাড়ি এলাকার ভাড়া বাসায় থাকেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান এসব নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানান, গতকাল রাতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করা হয়।

 

সেখানে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের নানা সরঞ্জাম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

 

তিনি আরো জানান, তার নেতৃত্বে অধিদপ্তরের একটি দল চাঁদপুর শহরের চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু অভিযানের আগেই ওই ব্যক্তি পালিয়ে যাওয়ায় তথ্য ফাঁসের সন্দেহ তৈরি হয়।

 

তদন্তে নজর যায় তাদের সোর্স শাওনের দিকে।

 

শাওনের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে সন্দেহের বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা। এরপর গতকাল শাওনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই সাজা দেওয়া হয়।

মিজানুর বলেন, ‘শাওনের মোবাইল ফোন থেকে আরো কয়েকজন মাদক কারবারির সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তদন্তে এমন অভিযোগও উঠে এসেছে যে, তিনি বিভিন্ন কারবারির কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।

 

এ ধরনের তথ্য প্রদানকারীর কারণে আমাদের অভিযান ব্যাহত হয় ও দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

 

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন