প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ ছিদ্দিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬

দীর্ঘ ৩৯ বছরের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা শেষে অবসরে গেলেন মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ ছিদ্দিকুর রহমান।

বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ছাত্র-ছাত্রী, সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে রাজকীয় সম্মান ও ভালোবাসায় বিদায় জানানো হয়।

বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে শেষবারের মতো সম্মান জানাতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভিড় জমায়। অনেক শিক্ষার্থী চোখের জল ধরে রাখতে পারেনি। প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। একইভাবে দীর্ঘদিনের সহকর্মীর বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।

অনুষ্ঠানে কাজী মোঃ ছিদ্দিকুর রহমান তার দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মরণীয় মুহূর্ত তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তোমরা সৎ মানুষ হবে, দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এই কামনাই আমার শেষ প্রার্থনা।”

তিনি উপস্থিত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা কাজী মোঃ ছিদ্দিকুর রহমানের কর্মময় জীবনের প্রশংসা করে বলেন, তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন একজন আদর্শ অভিভাবক ও আলোকিত মানুষ। তার অবদান বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিদ্যালয় পরিচালনা কমিটি ও সহকর্মী শিক্ষকরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় বার্ধক্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

৩৯ বছরের কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও, হাজারো শিক্ষার্থীর হৃদয়ে একজন আদর্শ শিক্ষক হিসেবে কাজী মোঃ ছিদ্দিকুর রহমান আজীবন বেঁচে থাকবেন। তার শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মকে পথ দেখাবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন উপস্থিত সবাই।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন