প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় চাপ ছাড়াই টিউবওয়েলে উঠছে পানি, মুখে জ্বলছে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬

কচুয়া উপজেলার পালাখাল গ্রামে একটি নবস্থাপিত টিউবওয়েলকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। টিউবওয়েলটি স্থাপনের পর কোনো প্রকার হাতল চাপা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পানি বের হচ্ছে। শুধু তাই নয়, পানির সাথে গ্যাসীয় বুদবুদ বের হওয়ায় দিয়াশলাই কাঠি ধরানো মাত্রই টিউবওয়েলের মুখে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে।

রবিবার সকালে পালাখাল গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা বাবু হোসেনের ঘরে সুপেয় পানির জন্য এই টিউবওয়েলটি স্থাপন করা হয়।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, টিউবওয়েল মিস্ত্রিরা পাইপ বসানোর কাজ শেষ করার পরপরই লক্ষ্য করেন, হাতল না চাপতেই পাইপের মুখ দিয়ে অনবরত পানি প্রবাহিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে পানির সাথে অদ্ভুত বুদবুদের শব্দ শোনা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ আলী একটি গ্যাস লাইট জ্বালিয়ে পরীক্ষা করতেই টিউবওয়েলের মুখে আগুন ধরে যায়।

​টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ আলী বলেন, “কাজ শেষ করার সাথে সাথেই পানি উঠতে দেখে আমরা অবাক হই। পরে গ্যাসের উপস্থিতি আঁচ করতে পেরে আগুন ধরিয়ে পরীক্ষা করতেই তা জ্বলে ওঠে।”

​এদিকে এই অদ্ভুত ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি গ্রাম থেকে হাজারো উৎসুক মানুষ মিয়াজী বাড়িতে ভিড় জমাচ্ছেন। অনেকে এটিকে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের পকেটের উপস্থিতি বলে ধারণা করছেন। তবে কৌতূহলের পাশাপাশি পুরো এলাকায় এখন বড় ধরণের দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।

​নিরাপত্তার স্বার্থে এবং প্রকৃত কারণ উদঘাটনে এলাকাবাসী অনতিবিলম্বে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট জ্বালানি বিশেষজ্ঞদের দ্রুত হস্তক্ষেপ এবং পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন