চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. জুয়েল রানা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর মাত্র ১৫ মিনিট আগে তিনি নিজের ফেসবুক আইডিতে ব্রাজিল দলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছিলেন।
সোমবার (৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার দারোগা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, এলাকায় একজন ভালো ফুটবলার হিসেবে পরিচিত জুয়েল রানা ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থক ছিলেন। নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ে তিনি বেশ হতাশ ছিলেন। দুর্ঘটনার কিছুক্ষণ আগে নিজের ফেসবুক আইডিতে নেইমারের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “দল হারবে, জিতবে; কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।”
পোস্টটি করার প্রায় ১৫ মিনিট পরই সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার বাসিন্দা। তিনি শামসুল ইসলামের ছেলে এবং উপজেলা সদরে পারিবারিক কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।