প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বিশ্বকাপ উদযাপনের সময় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

 

মেক্সিকো সিটির প্যাসেও দে লা রেফর্মা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। প্যাসেও দে লা রেফর্মা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিলেন উদযাপনের জন্য। এস্তাদিও আজতেকায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে সহ-আয়োজক মেক্সিকো। সেই আনন্দেই রাস্তায় নেমেছিলেন ভক্তরা।

চার দশক পর নকআউট পর্বের কোনো ম্যাচ জিতল মেক্সিকো। এমন আনন্দের সময়েই ঘটে গেল এই দুঃখজনক ঘটনা।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়াদের মধ্যে একজন ৪৪ বছর বয়সী পুরুষ। বাকি দুজন নারী, তাদের বয়স ১৯ ও ৪৮ বছর। শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা এক্সে লিখেছেন, ‘স্থানীয় স্বাস্থ্যসেবা বিভাগের খবর অনুযায়ী, প্যাসেও দে লা রেফর্মার কাছে বিভিন্ন স্থানে তিনজন অজ্ঞান হয়ে পড়ে আছেন, এমন খবর পেয়ে মেক্সিকো সিটির জরুরি দল সঙ্গে সঙ্গে সাড়া দেয়।’

তিনি আরও লিখেছেন, ‘সব ধরনের চিকিৎসা প্রক্রিয়া চালু করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা বাঁচেননি।’

শোক প্রকাশ করে ব্রুগাদা লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি তাদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমরা আবারও অনুরোধ করছি, সবসময় দায়িত্বশীলতার সঙ্গে উদযাপন করুন।’

১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বুলগেরিয়াকে হারানোর পর এই প্রথম কোনো নকআউট ম্যাচ জিতল মেক্সিকো।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন