প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল পুকুরের কচুরিপানার ভেতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬

মতলব দক্ষিণ উপজেলায় ১০ দিন আগে নিখোঁজ এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ পুকুরের কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর পুরণ গ্রামের প্রধানীয়া বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক।

লাশ উদ্ধার হওয়া নাছির উদ্দিন প্রধান ওরফে আলমাছ প্রধানীয়া (৬০) উপজেলার ওই গ্রামের ওসমান আলী প্রধানীয়ার ছেলে। গত ১৯ জুন ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

পরে খোজাখুজি করে তাকে না পেয়ে ২০ জুন রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তার পরিবার।

নিহতের ভাতিজা মামুন প্রধানীয়া বলেন, সোমবার বিকালে বাড়ির একজন পাশের পুকুর পাড়ে গরুর ঘাস কাটতে গিয়ে কচুরিপানার ভিতরে তার লুঙ্গি দেখতে পায়। পরে খোঁজ করে সেখান তার অর্ধগলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র বলেন, “নাছির উদ্দিন প্রধান আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার সদস্য ছিলেন। তিনি সেই আমলের বিএ পাস হলেও বাড়িতে কৃষিকাজ করতেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন।”

 

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিষয়ে থানায় মামলা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন