কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর বৃদ্ধা ফাতেমা বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মূল আসামি ইয়াছিন মিয়াজী (২২)-কে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নিহতের ঘর থেকে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) কচুয়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। দ্রুত সময়ের মধ্যে ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করায় স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় তারা বৃদ্ধা ফাতেমা বেগমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইয়াছিন মিয়াজীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দ্রুততম সময়ে হত্যার রহস্য উদঘাটন করায় কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম এবং সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।
ওসি মো. আজিজুল ইসলাম বলেন, “কচুয়ায় কোনো অপরাধী ছাড় পাবে না। অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”