প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। হৃদয়বিদারক এ ঘটনায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ী মহলে বিরাজ করছে গভীর শোকের আবহ।

জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের শুকু কমিশনারের বাড়ির বাসিন্দা এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট মাছ ব্যবসায়ী শাহিন রোববার (২৮ জুন) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জোহরের নামাজ শেষে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

বড় ভাইয়ের দাফনের শোক কাটতে না কাটতেই একই দিন রাত ১০টা ৫০ মিনিটে তাঁর ছোট ভাই আলমগীর হোসেনও ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনিও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে শাহিন ছিলেন সবার বড় এবং আলমগীর ছিলেন মেঝো। তাঁরা মা,এক বোন,দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। তাঁদের মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, “একই দিনে পরিবারের দুই সহোদরকে হারানোর মতো মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় খুবই বিরল। তাঁদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এদিকে মরহুম শাহিন ও আলমগীর হোসেনের রুহের মাগফিরাত কামনা করে এলাকাবাসী মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য,সাহস ও ঈমানের সঙ্গে বহন করার তাওফিক কামনা করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন