প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

স্ত্রীর তালাকের সিদ্ধান্তের জেরে হাজীগঞ্জে বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে স্ত্রীর তালাকের সিদ্ধান্তে  মো. শান্ত (নাম) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের উত্তর পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শান্ত ওই গ্রামের বাসিন্দা মো. আবুল বাসারের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। একপর্যায়ে স্ত্রী তালাকের সিদ্ধান্ত নিলে বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক শুরুর আগেই নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত।
ঘটনাটির একটি ব্যতিক্রমী দিক স্থানীয়দের দৃষ্টি কাড়ে। তাদের দাবি, আত্মহত্যার সময় শান্ত তার বুকে স্ত্রীর একটি ছবি ঝুলিয়ে রেখেছিলেন। এ দৃশ্য এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এবং তালাকের বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান বলেন, পুলিশ ঘটনাস্থল  থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন