শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজমেহার আখন্দ বাড়ির বাসিন্দা মো. সুমন হোসেন আখন্দ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা যায়, নিজ বাড়ির সামনে অবস্থিত একটি মসজিদের দ্বিতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন এবং তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
সুমন হোসেন আখন্দের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত ভদ্র, নম্র ও সদালাপী ব্যক্তি ছিলেন। সবার সঙ্গে আন্তরিক আচরণ করতেন এবং এলাকায় একজন সুপরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন।
তার অকাল প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের বন্যা বইছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।