প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬

শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় আর ভবিষ্যতের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা স্কুল ও কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও কাঙ্ক্ষিত সাফল্য কামনায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল। ভালোবাসা, শুভকামনা, স্মৃতি আর অনুপ্রেরণার মিশেলে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির (গভর্নিং বডি) সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর ইকবাল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আয়েত আলী ভূঁইয়া।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে অসংখ্য মানুষের ত্যাগ, শ্রম, মমতা ও ভালোবাসা জড়িয়ে থাকে। তিনি কলেজ প্রতিষ্ঠা ও উন্নয়নে অতীত থেকে বর্তমান পর্যন্ত যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বর্তমান এডহক কমিটির সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়ার নিরলস সহযোগিতা, দূরদর্শী নেতৃত্ব এবং শিক্ষা বিস্তারে তাঁর অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নূরুল আজম সোহাগ এবং কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক শাহ জামাল।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী হাবিবা আক্তার আবেগঘন মানপত্র পাঠ করেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন সাদিয়া আক্তার ডালিয়া ও সুমাইয়া আক্তার। অপরদিকে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন উন্মে হাফসা লামিয়া। পরে অনুষ্ঠানের সভাপতির হাতে আনুষ্ঠানিকভাবে মানপত্র হস্তান্তর করেন তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সূচিপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কাদের, কলেজের শিক্ষক মোহাম্মদ আলী ও ইকরা রাণী, বিএনপি নেতা মাহবুবুর রহমান সেলিম, নূরুল আজম সোহাগ, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আবদুল মান্নান, সূচিপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার, সভাপতি আলী আকবর ব্যাপারী, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, সূচিপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা হাবিবুর রহমান পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সূচিপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও সুধীজন।

অনুষ্ঠানে বিগত এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে মাজহারুল ইসলাম ও শাহাদত হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ধর্মীয় মূল্যবোধ ও নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করতে ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে বিশেষ পুরস্কার দেওয়া হয়, যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীরাই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবচেয়ে বড় পরিচয়। তোমরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে না, নৈতিকতা, সততা, মানবিকতা ও দেশপ্রেমে আলোকিত আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে—এই প্রত্যাশাই আমাদের।”

প্রধান অতিথি আলহাজ্ব মো. আয়েত আলী ভূঁইয়া বলেন, “আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং মহান আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখে পরীক্ষায় অংশগ্রহণ করলে সফলতা অবশ্যই ধরা দেবে। তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক।”

অনুষ্ঠানে জানানো হয়, চেড়িয়ারা স্কুল ও কলেজ থেকে এবার চতুর্থ ব্যাচ হিসেবে ৬৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গভর্নিং বডির সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া ব্যক্তিগত তহবিল থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা অনুদান প্রদান করেছেন, যা স্থানীয় শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।

সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ কল্যাণ, সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের আন্তরিক শুভকামনা, ভালোবাসা ও আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। স্বপ্নের পথে এগিয়ে চলা ৬৯ পরীক্ষার্থীর জন্য দিনটি হয়ে থাকবে এক অনন্য অনুপ্রেরণার স্মৃতি।

আনুষ্ঠানিকতা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুন্দর আগামীর প্রতীক হিসেবে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন