শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা গেছেন মাদরাসা শিক্ষক হাফেজ মো. ইসমাঈল হোসেন (৪২)।
বৃহস্পতিবার উপজেলার ওয়ারুক বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
নিহত ইসমাঈল হোসেন উপজেলার ছেঙ্গাচোল গ্রামের মজুমদার বাড়ির আব্দুল জলিল মজুমদারের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন এবং এলাকায় একজন পরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ওসি মির মাহবুবুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ড্রাম ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।