হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এলাকার সুপরিচিত সমাজসেবক ও জনদরদি ব্যক্তি মো. জহির বেপারী। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
মো. জহির বেপারী বলেন, ওয়ার্ডবাসী যদি তাকে যোগ্য মনে করেন এবং তাদের মূল্যবান সমর্থন দেন, তাহলেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি অতীতের মতো ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আমি সবসময় গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ওয়ার্ডবাসী যদি মনে করেন আমি তাদের সেবা করতে পারব, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হব। অন্যথায় তাদের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।”
এদিকে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জহির বেপারীর প্রতি সমর্থন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা কুদ্দুস বেপারী, হযরত আলী, বিল্লাল বেপারী, আলম বেপারী, টিপু সুলতান, নেয়ামত উল্লাহ, ফারুক বেপারী, মোস্তফা, মাহফুজ, গিয়াস উদ্দিন, বাবু, মোবারক ও রুবেলসহ অনেকেই বলেন,“জহির বেপারী একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব মানুষ।
যেকোনো প্রয়োজনে তিনি আমাদের পাশে দাঁড়ান। তাই আমরাও তার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তারা আরও বলেন,ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে একজন সৎ ও দায়িত্বশীল জনপ্রতিনিধির প্রয়োজন রয়েছে। দল-মত নির্বিশেষে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে পারে এমন ব্যক্তিকেই তারা সমর্থন দিতে চান।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মো. জহির বেপারী বলেন,“আমি ওয়ার্ডবাসীর উন্নয়ন ও সেবার জন্য কাজ করতে চাই। জনগণ যদি আমাকে দায়িত্ব দেওয়ার উপযুক্ত মনে করে, তাহলে আমি নির্বাচন করব। ভোটাররাই আমার শক্তি। তাদের মতামত ও সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিই। মহান আল্লাহ যদি আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দেন,তাহলে সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করব,ইনশাআল্লাহ।”