প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে দৈনিক সকাল পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সেখানে আয়োজিত জামাতের একটি কর্মসূচির সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত জামায়াতের কয়েকজন কর্মী শিশিরকে ঘিরে ধরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। একপর্যায়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। তবে হামলার কারণ, এতে কারা জড়িত ছিলেন এবং শিশিরের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠন ও সহকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা, হামলায় জড়িতদের চিহ্নিত করা এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই ঘটনাটিকে সংবাদকর্মীদের স্বাধীন ও নিরাপদভাবে কাজ করার অধিকারের ওপর আঘাত হিসেবে দেখছেন। অনেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।

 

এ বিষয়ে জামায়াতের সংশ্লিষ্ট নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন