প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আর্জেন্টিনার জয়ে চাঁদপুরে সমর্থকদের উল্লাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা ঘিরে চাঁদপুরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচে আর্জেন্টিনা জয় লাভের পর আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন জেলার হাজারো ফুটবলপ্রেমী দর্শক ও সমর্থক।

মঙ্গলবার (২২ জুন) রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এমন প্রাণবন্ত দৃশ্য দেখা যায়।

আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচকে কেন্দ্র করে খেলা শুরুর আগ থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা সরকারি কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন। প্রিয় দলের জার্সি, ব্যানার ও আকাশি-সাদা পতাকা হাতে নিয়ে উপস্থিত হন নানা বয়সী ফুটবলপ্রেমীরা। মাঠজুড়ে ছিল উৎসবের আবহ, ছিল আনন্দ, উত্তেজনা ও প্রিয় দলকে সমর্থনের নানা আয়োজন।

খেলার শুরু থেকেই প্রতিটি মুহূর্তে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বিশেষ করে আর্জেন্টিনার গোলের পর আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। চারদিকে ধ্বনিত হতে থাকে মেসি, মেসি স্লোগান। অনেককে আনন্দে লাফিয়ে উঠতে, পতাকা নাড়াতে এবং প্রিয় দলের জয়ে একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

আর্জেন্টিনার জয়ের পর খেলা শেষে অনেক সমর্থককে আনন্দ মিছিল করতে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকায়ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে বিশ্বকাপের উন্মাদনায় চাঁদপুরে ফুটবলপ্রেমীদের রাতটি পরিণত হয় এক আনন্দঘন উৎসবে।

ফয়সাল আহমেদ নামের এক সমর্থক জানান, প্রথম ম্যাচে চ্যাম্পিয়নসুলভ পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচেও দলের আত্মবিশ্বাসী খেলা আমাদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করেছে। প্রিয় দলের প্রতিটি আক্রমণ, পাস এবং গোলের সুযোগকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি উত্তেজনা।

খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থক ইভা জানান, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। আমরা শুরু থেকেই বিশ্বাস করেছি দলটি ভালো খেলবে। মেসির নেতৃত্বে আবারও বড় কিছু করার স্বপ্ন দেখছি।

আয়োজক ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ জানান, খেলা উপভোগ করার জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরির চেষ্টা করেছি। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন