প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাজপথে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি ও ‘তৎপরতা’ ঠেকাতে চাঁদপুরের রাজপথে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছে দলটি।

পুলিশ সদর দপ্তর থেকে দেশব্যাপী আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়নের নির্দেশনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের নতুন বাজার মোড়ে অবস্থান নেন।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের ‘অস্থিরতা’ তৈরির প্রতিবাদে সদর উপজেলার শাহমাহমুদপুর ও মৈশাদী ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ১২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শহরে সন্ত্রাসবিরোধী মিছিল বের করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, “আওয়ামী লীগের যেকোনো গুপ্ত পরিকল্পনা ও অপতৎপরতা রুখতে প্রতিটি ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকেই পাড়া-মহল্লায় মিছিল ও সভা হয়েছে। আজ রাজপথে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।”

শহরের বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদেরও মিছিল করতে দেখা গেছে। তারা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়ে স্লোগান দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন