বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে চাঁদপুরের সংগীতাঙ্গনে নতুন মাত্রা যোগ করে অনুষ্ঠিত হয়েছে ‘স্ট্রিংস অব চাঁদপুর গিটারিস্ট গ্যাদারিং ২০২৬।
শনিবার (২০ জুন) পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেডে আয়োজিত ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটি স্থানীয় সংগীতশিল্পী, গিটারিস্ট ও সংগীত প্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, সংগীত মানুষের মনন গঠন করে, সৌন্দর্যবোধ জাগ্রত করে এবং সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চাঁদপুরে সংগীতচর্চার প্রসার, নতুন ও অভিজ্ঞ সংগীতশিল্পীদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং বিশ্ব সঙ্গীত দিবসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের সুস্থ সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
অংশগ্রহণকারী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর ফিজিওথেরাপির পরিচালক ডা.তানভীর আরিফ, সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানা, মিক অ্যান্ড ফ্রেন্ডস-এর অন্যতম পরিচালক রোটাঃ তানভীর আহমেদ সোহান, চাঁদপুর ড্রামার বাতেন এবং মিক অ্যান্ড ফ্রেন্ডসের সদস্য মো: সবুজ গাজী।
মিক অ্যান্ড ফ্রেন্ডস এর আয়োজনে এবং ট্রাইব ও উইজার্ড হাউস অব স্ট্রিংস-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে ছিল ম্যাস গিটার জ্যাম সেশন, ওপেন স্টেজ পারফরম্যান্স, গিটারিস্টদের সম্মিলিত পরিবেশনা, মতবিনিময় এবং বিশ্ব সঙ্গীত দিবস উদযাপনকে ঘিরে নানা আয়োজন। এতে চাঁদপুরের বিভিন্ন প্রজন্মের সংগীতশিল্পী ও গিটারপ্রেমীরা অংশ নিয়ে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও সংগীত ভাবনা বিনিময় করেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, ট্রাইব ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সোহান, ড্রামার সাওন, বেইসিস্ট শাইখাত, গিটারিস্ট মুগ্ধ, হাজীগঞ্জ থেকে আগত আহাদসহ চাঁদপুরের বিভিন্ন এলাকার বহু সংগীতশিল্পী ও গিটারপ্রেমী। তাদের পরিবেশনায় জনপ্রিয় বাংলা গান, রক ও মেটাল ধারার সংগীত দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে সম্মিলিত গিটার পরিবেশনা ও উন্মুক্ত মঞ্চে শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দর্শকদের ব্যাপক সাড়া ফেলে এবং পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছে ক্লিন চাঁদপুর, মোল্লা ব্র্যান্ড ও চাঁদপুর লিংক অ্যান্ড আইটি সেন্টার।