প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন আশিকুর রহমান শিপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন চাঁদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন। গত ১৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ২৪ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাইল হোসেন পাটওয়ারী এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউর রহমান সোহাগ। একই কমিটিতে যুগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন আশিকুর রহমান শিপন। দলীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান শিপন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। চাঁদপুর পৌর ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

রাজনৈতিক জীবনে তিনি গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়েছেন। এছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন সময়ে রাজনৈতিক হামলা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও রয়েছে তার জীবনে।

নতুন দায়িত্ব পাওয়ার পর আশিকুর রহমান শিপন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে আমি কাজ করে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে সবসময় মাঠে থাকব।

আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তার এই মনোনয়নে জেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, আশিকুর রহমান শিপনের নেতৃত্বে চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন