চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত (৫ মাসে) বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত চাঁদপুর জেলার প্রায় সাড়ে ৩ লাখ প্রবাসী ৫টি ব্যাংকের মাধ্যমে চাঁদপুরে ৫৯৭ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন।
চাঁদপুরে অবস্থিত ওই পাঁচ ব্যাংকের আঞ্চলিক অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, চাঁদপুরে সোনালী ব্যাংকের ২০টি শাখায় ৫৫ কোটি ৮১ লাখ টাকা,জনতা ব্যাংকের ১৭টি শাখায় ১০৪ কোটি ৪৫ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের ২১টি শাখায় ১০৮ কোটি ১৬ লাখ টাকা,বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৮টি শাখায় ২১০ কোটি ৬৬ লাখ টাকা এবং রূপালী ব্যাংকের ১৩টি শাখায় ২১ কোটি ৮৯ লাখ টাকা রেমিটেন্স এসেছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুরের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো.মমতাজ উদ্দিন বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের উন্নয়নের গতিতে তরান্বিত করছে এবং বৈদেশিক মুদ্রার ডলারের সংকট নিরসনে ব্যাপক অবদান রেখে চলছে। পাশাপাশি প্রতিটি প্রবাসীর পারিবারিক জীবনের উন্নয়ন হচেছ ও সামাজিক মর্যাদা বাড়ছে।
তিনি আরও বলেন, ব্যাংকের মাধ্যমে এই রেমিটেন্স পাঠালে গ্রাহককে ২.৫০% হারে প্রণোদনা দেয়া হচ্ছে।
চাঁদপুরে রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন,আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হলো রেমিটেন্স। মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, ও দৈনন্দিন জীবনে বৈদেশিক রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
চাঁদপুর জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর তথ্যে অনুযায়ী,বিশ্বের ১৬২টি দেশে ১ কোটি ২০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে। এরমধ্যে চাঁদপুরের অবস্থান ৬ষ্ঠ।